ঝিনাইদহে ‘বিএসএফের নির্যাতনে’ যুবকের মৃত্যুর অভিযোগ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
নিহত জাহাঙ্গীর হোসেনের বাড়ি উপজেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি গরু ব্যবসায় জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানান।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান, ৪৭ নম্বর সীমান্ত পিলারের পাশে ইছামতি নদীর তীরে পাম্পের ঘাট থেকে জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় নেপার বাজারে নিয়ে আসার পর সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
স্বজনরা পরে লাশ বাড়িতে নিয়ে গিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
“জাহাঙ্গীরের একটি হাত ভেঙে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে”, বলেন ওসি।
নিহতের চাচা ইউনুছ আলীর দাবি, রোববার রাতে তার ভাতিজা জাহাঙ্গীর ভারতে গরু আনতে গেলে বিএসএফের হাতে ধরা পড়ে। “বিএসএফ তাকে নির্যাতন করে পাম্পের ঘাটে ফেলে রেখে যায়। সঙ্গীরা তাকে উদ্ধার করে নেপার বাজারে নিয়ে আসে। সেখানে জাহাঙ্গীর মারা যায়।”
অবশ্য বিএসএফের নির্যাতনের বিষয়ে নিশ্চিত নয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল এসএম মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাঙ্গীরকে বিএসএফই যে নির্যাতন করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।”
ওসি শাহিদুল বলেন, জাহাঙ্গীরের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত শেষে তা জানা যাবে।
