কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ ‘চরমপন্থী’ গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অস্ত্র ও গুলিসহ এক ‘চরমপন্থী নেতাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রশিদ খাঁর বাড়ি উপজেলার খর্দ ধোপাদী গ্রামে। সোমবার ভোররাতের দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান।
তিনি বলেন, “রশিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা হিসাবে দায়িত্ব পালন করতেন।”
ওসি বলেন, চরমপন্থীদের বৈঠক চলার খবর পেয়ে রাতে ওই গ্রামে অভিযান চালানো হয়। রশিদকে একটি রিভালবার ও গুলিসহ গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়।
