মুন্সীগঞ্জে গৃহবধূর মৃত্যু, আটক ৩
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে যিনি নিজের শরীরে আগুন দেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার দুপুরে মালদদিয়া গ্রামে শ্বশুরবাড়িতে মারা যান পপি সেন (১৮)। তিনি নারায়ণগঞ্জের পালপাড়ার খোকন দের মেয়ে।
তবে, পপি আত্মহত্যা করেছেন বলে দাবি শ্বশুরবাড়ির লোকজনের।
এ ঘটনায় পপির শ্বশুর সুনীল সেন, শ্বাশুড়ি ও দেবর সুজন সেনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পপির বাবা খোকন দে জানান, ছয় মাস আগে সুমন সেনের সঙ্গে পপির বিয়ে হয়। বিয়ের পর সুমন মালয়েশিয়া চলে যান। বিয়ের পর থেকেই শাশুড়ি, শ্বশুর ও দেবর যৌতুকের জন্য নির্যাতন করে আসছিলেন।
”আজকে আমার মেয়েডারে মাইরাই ফালাইল,” বলেন খোকন।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, “ধারণা করা হচ্ছে শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরেই পপি গায়ে আগুন দিয়েছে।”
পপির শাশুড়ি, শ্বশুর ও দেবরকে আটক করা হয়েছে। তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে। লাশ সিরাজদিখান থানায় রাখা হয়েছে।
রোববার ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
