‘আর নই ছিটবাসী, আমরা এখন বাংলাদেশি’
স্থল সীমান্ত চুক্তির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে পঞ্চগড়ের ছিটমহলবাসীরা।
শনিবার সকালে পঞ্চগড়ের অভ্যন্তরে ভারতীয় ৩৬টি ছিটমহলে পৃথক মিছিল হয়। বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে অবস্থিত ভারতীয় পুটিমারী ছিটমহলের নাগরিকরা পঞ্চগড়-ঢাকা মহাসড়কে উঠে আনন্দ মিছিল করে।
শনিবার দুদিনের সফরে ঢাকা এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মোদির উপস্থিতিতে ছিটমহল বিনিময়ে স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময় করেছে বাংলাদেশ ও ভারত, যার মাধ্যমে দশকের পর দশক অবরুদ্ধ জীবন কাটানো অর্ধ লক্ষাধিক মানুষের মুক্তির পথ আনুষ্ঠানিকভাবে খুলল।
স্থানীয়রা জানান, ছিটমহলের নারী ও শিশুরাও এ মিছিলে অংশ নেয়। এ সময় তারা ‘আমরা নই ছিটবাসী, আমরা এখন বাংলাদেশি’ বলে শ্লোগান দেয়। প্রায় ঘণ্টাখানেক মিছিল করার পর ছিটমহলের অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড় ও নীলফামারী জেলার সভাপতি মফিজার রহমান, পুটিমারী ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান তছলিম উদ্দীন, হবিবর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা দীর্ঘ কয়েক যুগের ছিটমহল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
একইসঙ্গে ছিটমহলবাসীদের বন্দিদশা থেকে মুক্তি দিতে যত দ্রুত সম্ভব ছিটমহল বিনিময় পরবর্তী নানা উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম গ্রহণের দাবি জানান তারা।
মফিজার রহমান বলেন, “আজকের পর আমরা আর ছিটমহলের নাগরিক নই, আমরা বাংলাদেশি নাগরিক। আমাদেরকে বাংলাদেশি নাগরিক ঘোষণা দিয়ে সব মৌলিক অধিকার পাওয়ার সুযোগ দ্রুত করে দিতে হবে।”
গত মে মাসে ভারতীয় পার্লামেন্টে সীমান্ত বিল নামে পরিচিতি পাওয়া সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদন পাওয়ার পর তাতে অনুসমর্থন জানায় ভারতের মন্ত্রিসভা, স্বাক্ষর করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
