থানায় বন্দুক ঠেকিয়ে এসআই’র ‘আত্মহত্যা’
যশোরের মণিরামপুর থানায় নিজের বন্দুকের গুলিতে এক এসআই নিহত হয়েছেন, যিনি কপালে বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন সহকর্মীরা।
মণিরামপুর থানার ওসি মোল্ল্যা খবির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে থানার ছাদে এ ঘটনা ঘটে।
নিহত এসআই খান আলী আকবরের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার নওখোলা গ্রামে।
ওসি জানান, ভোর সোয়া ৪টার দিকে আকস্মিক একটি গুলির শব্দ শুনতে পান থানার অন্যরা। ঘটনা বুঝতে চারিদিকে খোঁজ-খবর নেওয়ার এক পর্যায়ে ছাদে উঠে আকবরকে পড়ে থাকতে দেখা যায়। পাশে একটি রিভলবার ও একটি গুলির খোসা পাওয়া যায়।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন।
নিহত পুলিশ সদস্য আকবর দুই স্ত্রী নিয়ে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন মণিরামপুরের পুলিশ কর্মকর্তা খবির।
তিনি বলেন, “রাতে এসআই আকবর থানা এলাকায় জরুরি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর কোনো এক সময় ছাদে উঠে এ ঘটনা ঘটান।”
