পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ৪
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন এক নারীসহ অন্তত আটজন।
শুক্রবার সন্ধ্যায় ভজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ভেলুগছ গ্রামের আজিজুল ইসলাম, ভোটুজোত গ্রামের শাহিনুর ইসলাম, কলেজপাড়ার মো. বাবু ও দলুগছ গ্রামের তরিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভজনপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল স্বপন জানান, সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়।
এতে এক পাথর উত্তোলনকারী শ্রমিক ঘটনাস্থলে মারা যান। পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়ার পথে অপর তিন যুবকের মৃত্যু হয় বলে জানান তিনি।
আহতরা হলেন, আকবর হোসেন, মোস্তাফিজুর রহমান, শারমিন আকতার, আকুন, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, কমলা ও হোসেন আলী।
তারা সবাই পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুল আলম।
