২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সৈনিক আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক ভাষাসৈনিক আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 05:34 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

শুক্রবার (৫ জুন) ছিল আব্দুর রশীদের প্রথম মৃত্যুবার্ষিকী।

দিনটি পালন উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল কোরানখানি, কবর জিয়ারত, মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।

এছাড়া বাদ জুমা শেরপুর সরকারি শিশু পরিবারে মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিম বালিকাদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এসব কর্মসূচিতে শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, মুক্তিযুদ্ধের সংগঠক মো. মহসীন আলীসহ মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সংস্কৃতিকর্মী ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

আব্দুর রশীদ ১৯৩১ সালের ২৫ জানুয়ারি শেরপুর পৌর শহরের শেখহাটি মহল্লায় জন্মগ্রহণ করেন। শেরপুরের ভিক্টোরিয়া একাডেমীতে অধ্যয়নকালে তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।

১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহতের প্রতিবাদ করায় তৎকালীন সরকার তাকে ময়মনসিংহ জেলা কারাগারে ৯ মাস কারারুদ্ধ রাখে।

জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শেরপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৪ সালের ৫ জুন ভোরে ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শহরের গৃদানারায়ণপুর নিজ বাসভবনে তার মৃত্যু হয়।