২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভায়রার ছুরিতে যুবক খুন

রাজধানীর শাহজাহানপুরে এক যুবক তার ভায়রার ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 04:18 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

নিহত ফারুক হোসেন (২৮) পরিবার নিয়ে শাহজাহানপুরের সুইপার কলোনিতে থাকতেন।

শাহজাহানপুর থানার এসআই খোদা নেওয়াজ জানান, বৃহস্পতিবার রাতে ছুরিকাহত হওয়ার পর শুক্রবার ভোরে কলোনির বাসায় ফারুক মারা যান।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, “যে ছুরি মেরেছে তার নামও ফারুক। ঘটনার পর থেকে সে পলাতক।”

এসআই খোদা নেওয়াজ জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফারুককে ছুরি মারেন তার ভায়রা। এতে তার বুকের ডান পাশে জখম হয়।

এরপর মুগদা হাসপাতালে নিয়ে বুকে ব্যান্ডেজ করে রাতেই ফারুককে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু শুক্রবার ভোরে আর অবস্থার অবনতি হয় এবং বাসাতেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে এসআই নেওয়াজ জানান।