ডাকাত ধরতে গিয়ে অস্ত্র উদ্ধার, নারী গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা উপজেলায় ডাকাত ধরতে গিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পরে কথিত ডাকাতের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়, যাকে ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
পাংশা থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, বৃহস্পতিবার গভীর রাতে মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামের নিজ বাড়ি থেকে ফরিদা বেগমকে (৩০) গ্রেপ্তার করা হয়।
ফরিদা ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
ওসি ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাড়িতে অস্ত্রসহ দুইজন ডাকাত অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
কিন্তু পুলিশ যাওয়ার খবর পেয়ে গৃহকর্তা শরিফুলসহ ডাকাতরা পালিয়ে যায়।
ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় দুইটি ওয়ান শুটার গান, চারটি কাতুর্জ, দুইটি রামদা এবং একটি বড় চাপাতি।
গ্রেপ্তার ফরিদা ডাকাত দলের সদস্য বলে ধারণা করছে পুলিশ, বলেন ওসি।
