ফ্লাইটে বৈষম্য: ক্ষমা চাইল বিমান কর্তৃপক্ষ
যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সে ডায়েট কোক চেয়ে ‘বৈষম্যের’ শিকার মুসলিম নারীর কাছে ক্ষমা চেয়েছে বিমান সংস্থাটির কর্তৃপক্ষ।
বুধবার এক টুইটে ইউনাইটেড কর্তৃপক্ষ বলে, “যদিও ইউনাইটেড ওই ফ্লাইটটি সরসরি পরিচালনা করছিল না, কিন্তু তিনি (তাহেরা) আমাদের একজন কাস্টমার এবং আমরা ফ্লাইটে হয়ে যাওয়া ঘটনাটির জন্য তার কাছে ক্ষমাপ্রার্থী।”
শিকাগো নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির চ্যাপলিন তাহেরা আহমাদ গত ২৯ মে স্থানীয় সময় রাত ১১টা ২২ মিনিটে ইউনাটেডে ভ্রমণের সময় ‘বৈষম্যের’ শিকার হওয়ার কথা জানিয়ে নিজের ফেইসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন।
তিনি অভিযোগ করেন, সিলকরা ডায়েট কোকের ক্যান চাওয়ার পর, এটিকে তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন- এমন কথা বলে ফ্লাইট এটেন্ডেন্ট তাকে ক্যান দিতে অস্বীকৃতি জানান, যদিও পাশের সিটের এক ব্যক্তিকে ঠিকই সিল করা বিয়ার দেওয়া হয়।
তাহেরার অভিযোগ, মুসলিম হওয়ার কারণেই তার প্রতি এ বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
তাহেরার এ স্ট্যাটাসের পরেই সোশ্যাল মিডিয়ায় এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তাহেরার পক্ষে ফেইসবুক ও টুইটারে ‘ইসলামোফোবিয়া এসআরইএএল’ হ্যাশট্যাগে প্রতিবাদ শুরু হয়।
ইউনাটেড ফর তাহেরা (#UnitedforTahera) নামে একটি প্রচারণাও শুরু হয়, যেখান থেকে যুক্তরাষ্ট্রের এ বিমান সংস্থাটি বয়কটের ঘোষণা আসে।
এর প্রতিক্রিয়ায় ইউনাইটেড বলেছে, “বিষয়টি তদন্ত করার পর ইউনাইটেড নিশ্চিত করছে যে, ওই ফ্লাইটের ওই এটেন্ডেন্টকে ইউনাইটেডের পক্ষে কোনো যাত্রীকে সেবা দিতে দেওয়া হবে না।
“যাত্রীদের প্রতি কোনো বৈষম্য প্রকাশ পায়- এমন কোনো আচরণ বা ঘটনাকে ইউনাইটেড কখনোই প্রশ্রয় দেবে না।”
