২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে বৈষম্য, মুসলিম নারীর পক্ষে প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সে ডায়েট কোক চেয়ে ‘বৈষম্যের স্বীকার’ এক মুসলিম নারীর পক্ষে ‘ইসলামোফোবিয়া এসআরইএএল’ হ্যাশট্যাগে প্রতিবাদ শুরু হয়েছে সোশাল মিডিয়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোশ্যাল মিডিয়া ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2015, 01:40 AM

Updated : 22 Aug 2022, 12:24 PM

ফেইসবুক ও টুইটারে এই হ্যাশট্যাগ ব্যবহার করে ইউনাইটেড এয়ারলাইনস বয়কটের ডাকও দিতে দেখা গেছে অনেককে, যাদের বেশির ভাগই পশ্চিমা বিশ্বে বসবাসকারী মুসলিম।

‘বৈষম্যের স্বীকার’ শিকাগো নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির চ্যাপলিন তাহেরা আহমাদ গত ২৯ মে স্থানীয় সময় রাত ১১টা ২২ মিনিটে ইউনাটেডে ভ্রমণের সময় নিজের ফেইসবুক পাতায় একটি স্ট্যাটাস দেন।

তাতে তাহেরা লিখেছেন, “আমি এই মুহূর্তে ৩০ হাজার ফুট উপরে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বসে আছি এবং বৈষম্যে নাকাল।”

তাহেরা জানান, উড়োজাহাজটির ফ্লাইট এটেনডেন্ট যখন তিনি কী পানীয় নিতে চান জানতে চেয়েছিলেন, তিনি ডায়েট কোক দিতে বলেন। তাকে খোলা অবস্থায় একটি ক্যান দেওয়া হলে তিনি সিল করা একটি ক্যান চাইলে তাকে বলা হয়, এটি পরিচ্ছন্ন এবং এটিতে কেউ মুখ দেয়নি।

তাহেরা এরপরও সিল করা ক্যান দিতে বললে এটেটডেন্ট নিরাপত্তার কারণ দেখিয়ে তা দিতে অস্বীকৃতি জানান।

“সে আমাকে জবাব দেয়, আমি দুঃখিত আমি আপনাকে সিল করা ক্যান দিতে পারছি না।”

তাহেরা লিখেছেন, এরপর পর তার পাশে বসে থাকা এক ব্যক্তিকে সিল করা একটি বিয়ারের ক্যান দেওয়া হয়। 

“আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, কেন আমাকে দেওয়া হল না। সে উত্তর দিল, কেউ যেন এই ক্যানটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে এজন্য আমরা খোলা ক্যান দিয়ে থাকি। পাশের জনকে তাহলে কেন দেওয়া হলো জানতে চাইলে সে বলে, এটা এজন্য যেন তুমি এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পার।”

“এ অবস্থায় আমি অন্য যাত্রীদের কাছে এ বৈষম্যের প্রতিবাদের জন্য সাহায্য চাই। এ সময় এক যাত্রী উঠে দাঁড়িয়ে আমার দিকে আঙ্গুল তুলে বলে, এই মুসলিম, তুমি চুলায় যাও। আমি বলি, কী? সে সরাসরি আমার চোখে তাকিয়ে বলে, তুমি জানো যে তুমি এটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে, তাই চুপ কর।”

স্ট্যাটাসে তাহেরা ‘ইসলামোফোবিয়া এসআরইএএল’ (.#‎IslamophobiaISREAL) ব্যবহার করেন। দ্রুতই তা ছড়িয়ে পড়ে।

কানাডার বাসিন্দা মুহাম্মদ জায়েরা ফেইসবুকে লিখেছেন, “পশ্চিমে বসবাসকারী মুসলিমরা পরিষ্কারভাবে একটি কঠিন সময় কাটাচ্ছেন, বৈষম্যের স্বীকার হচ্ছেন। আর এটা হচ্ছে কিছু সন্ত্রাসী গ্রুপের জন্য, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে আমাদের শান্তিপ্রিয় ধর্মকে ব্যবহার করছে।”

নাদিয়াহ আ’দা হুসাইন নামে একজন মুসলিম নারী লিখেছেন, “এটা মুসলিমদের বিপক্ষে সবচেয়ে খারাপ রকমের বর্ণবাদ।”

ওমর সুলাইমান নামে এক শিক্ষক লিখেছেন, “এই বর্ণবাদের প্রতিবাদে ইউনাইটেড বর্জন করলাম।”

এ ঘটনার পর ইউনাইটেডের একজন মুখপাত্র ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে বলেছে, সেদিন ফ্লাইটে কী ঘটেছিল, তা জানতে তাহেরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তারা।