ফরিদপুরে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
ফরিদপুরের মধুখালীতে মাইক্রোবাস থামিয়ে অস্ত্রের মুখে একটি পাটকলের ৩০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ‘আলতুখান জুটমিলের’ উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নিজামউদ্দিন।
নিজামউদ্দিন জানান, মিলের শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ফরিদপুর ন্যাশনাল ব্যাংক ও প্রাইম ব্যাংক থেকে ৩০ লাখ টাকা তুলে মাইক্রোবাসে করে মধুখালী ফিরছিলেন মিলের হিসাব বিভাগের কর্মচারী নূরুল ইসলাম ও জাফর হোসেন।
তিনি আরও বলেন, “পথে ঢাকা-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী এলাকায় আরেকটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে টাকাসহ ওই গাড়িতে তুলে নেয়। পরে ফরিদপুর বাইপাস সড়ক দিয়ে গিয়ে ভাঙ্গা এলাকায় নূরুল ও জাফরকে ফেলে টাকা নিয়ে চলে যায়।”
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, “আমি ছিনতাইয়ের কথা শুনেছি। তবে তদন্তের পরই বলা যাবে কী ঘটেছে।”
