মানবপাচার রোধে আইন ‘সংশোধনের চিন্তা’
সাগর পথে বাংলাদেশিদের পাচার নিয়ে আলোচনার মধ্যে মানবপাচার রোধে সরকার আইন সংশোধনের চিন্তা করছে বলে জানিয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার সচিবালয়ে শিল্পমন্ত্রীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আমির হোসেন আমু বলেন, “আমরা মাদকদ্রব্য পাচার ও মানবপাচারসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। মানবপাচারকারীদের কঠিন শাস্তি দিতে বিধি-বিধান পরিবর্তন করতে হবে।”
মাদকপাচার ও ব্যবহারের ক্ষেত্রে কঠোর শাস্তি দিতে ভ্রাম্যমাণ আদালতকে আরো কার্যকর করার লক্ষ্যেও বিধি-বিধানে পরিবর্তন করার কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মানবপাচারকারীদের ধরতে কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং অনেককে গ্রেপ্তার করেছে।
সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহা-পরিদর্শক একেএম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদসহ অন্যান্য সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
সাগর পথে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় মানবপাচারের চলমান ঘটনাগুলোর মধ্যে সঙ্কট সমাধানে সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত আন্তঃদেশীয় বৈঠক হয়।
বৈঠক থেকে ফিরে পররাষ্ট্র সচিব জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার সাগর থেকে উদ্ধার বাংলাদেশিরা স্বেচ্ছায় নয়, জোরপূর্বক পাচারের শিকার হয়েছে।
তিনটি দেশের শরণার্থী শিবিরে পাচার হওয়া মানুষের মধ্যে ৩০ শতাংশ বাংলাদেশের, যাদের সর্বমোট সংখ্যা প্রায় দেড় হাজার।
