নেত্রকোণায় নারীকে ‘ধর্ষণের’ পর হত্যা
নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক নারীর গলায় ওড়না পেঁচানো ও মুখে কাপড় গোঁজা লাশ উদ্ধার হয়েছে, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার সুখারি ইউনিয়নের কুলশ্রী গ্রামে বিলের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে তার পরিচয় জানা যায়নি।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, বিলের পাড়ে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের গলায় ওড়না পেঁচানো ও মুখে কাপড় গোঁজা ছিল। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীকে স্থানীয়রা শনাক্ত করতে পারেনি।
ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে বলেও জানান তিনি।
