যশোরে ‘মদের বিষক্রিয়ায়’ ৩ জনের মৃত্যু
যশোরের কেশবপুর উপজেলায় ‘মদের বিষক্রিয়ায়’ অসুস্থ হয়ে তিনজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।
একই কারণে অসুস্থ হয়ে পড়া আরেকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কেশবপুর থানার এসআই নজরুল ইসলাম জানান।
মৃত তিনজন হলেন- উপজেলার ভোগাতি গ্রামের নিজাম উদ্দিন গাজী (৪৫), মধ্যকুল গ্রামের সিরাজুল ইসলাম ও মণিরামপুরের নাগেরঘোপ গ্রামের সুবল অধিকারী (৪৩)।
এসআই নজরুল বলেন, বুধবার রাতে উপজেলার ভবানিপুর গ্রামে নিজামসহ চারজন মিলে মদ পানের পর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়।
এর মধ্যে নিজামকে রাতেই যশোর হাসপাতালে এবং বাকি তিনজনকে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার ভোরে যশোরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজাম এবং খুলনা মেডিকেলে সিরাজ ও সুবলের মৃত্যু হয়।
এসআই নজরুল জানান, খুলনায় চিকিৎসাধীন খাসা খানের (৪২) অবস্থাও ‘ভাল নয়’। তার বাড়ি কেশবপুরের মধ্যকুল গ্রামে।
“এরা অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করে বিষক্রিয়ায় আক্রান্ত হন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে বিস্তারিত এখনো জানা যায়নি।”
যশোর সদর হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার হাসপাতালে মারা যাওয়া নিজাম মদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন।
