ডিউক অব এডিনবরা স্বর্ণপদক পেলেন ১৭৭ বাংলাদেশি
সমাজ সেবার মাধ্যমে কমিউনিটিকে এগিয়ে নিতে ভূমিকার স্বীকৃতি হিসেবে ডিউক অব এডিনবরা স্বর্ণ পদক পেয়েছেন ১৭৭ জন বাংলাদেশি শিক্ষার্থী।
ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন সোমবার সন্ধ্যায় ঢাকায় এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এ নিয়ে তৃতীয়বারের মতো হাই কমিশনারের বাসভবনে এই অনুষ্ঠান হল। এ বছরই ৫৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার দেওয়া হয়েছে বলে হাই কমিশন জানিয়েছে।
১৯৫৬ সাল থেকে ১৪০টির বেশি দেশ ও অঞ্চলের কয়েক লাখ মানুষ এ পুরস্কার পেয়েছেন।
বাংলাদেশে ডিউক অব এডিনবরা’স অ্যাওয়ার্ড ফাউন্ডেশন তুলনামূলক নতুন, যেটা ২০০৮ সালের অগাস্টে গঠিত হয়েছে।
