সন্তানকে জিম্মি করে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে এক গৃহবধূকে (২৫) ধর্ষণের কথা আদালতে স্বীকার করেছে তাদের এক প্রতিবেশী।
মোরেলগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত রোববার মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামে এই ঘটনা ঘটে।
এর দুদিন পর মঙ্গলবার রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে হাওলাদার মিজানুর রহমান ওরফে খোকাকে (৪৩) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।
ওই রাতেই পুলিশ খোকাকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, “বুধবার বিকালে বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহিদুল আজাদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে খোকা।”
মামলার বাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ৮টার দিকে তার অনুপস্থিতিতে তাদের প্রতিবেশী খোকা মই বেয়ে দোতলা বাড়ির পিছন দিক দিয়ে উঠে ঘরে প্রবেশ করে।
ওই সময় তার স্ত্রী চিৎকার দেওয়ার চেষ্টা করলে খোকা তাদের দুই শিশু সন্তানকে ধারালো অস্ত্রের মুখে হত্যার ভয় দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে।
পরে তার স্ত্রীর কানের দুল, আংটি ও বালাসহ মোট আড়াই ভরি স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে যায়।
ওই সময় তিনি ফুলহাতা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। রাতে বাড়ি ফিরে স্ত্রীর কাছে ঘটনা শোনেন। কিন্তু লোকলজ্জার কথা চিন্তা করে বিষয়টি পুলিশকে জানাননি।
তাই দুদিন দেরিতে মঙ্গলবার রাতে স্ত্রীকে নিয়ে তিনি থানায় গিয়ে অভিযোগ দেন বলে জানান।
মোরেলগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্মানহানির কথা ভেবে ঘটনার দুদিন পর ওই পরিবার পুলিশকে জানায়। তাদের দেওয়া অভিযোগের ভিত্তিতে রাতেই মিজানুর রহমান খোকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষিতা নারী খোকাকে শনাক্ত করেছেন বলে জানান ওসি।
ওসি আরও বলেন, বুধবার বিকালে আদালতে পাঠানো হলে খোকা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
এর আগে গত ২৫ মে বাগেরহাট সদর উপজেলার হেদায়েতপুর গ্রামে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
