কক্সবাজারে তালিকাভুক্ত মানবপাচারকারী গ্রেপ্তার
কক্সবাজার সদরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণপাড়া বাজার থেকে মোহাম্মদ একরামকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
একরাম চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নুরুল হকের ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে একরামকে গ্রেপ্তার করা হয়।
একরাম দীর্ঘদিন ধরে চৌফলদন্ডীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচার করে আসছিলেন।
কিন্তু অভিযান শুরুর পর থেকে আত্মগোপনে চলে যান।
পরিদর্শক বখতিয়ার আরও জানান, একরাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন শীর্ষ মানবপাচারকারী এবং তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে তিনটিসহ মোট ১১টি মামলা রয়েছে।
