মির্জা ফখরুলের জামিন নাকচ
পল্টন থানার তিন মামলায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নাকচ করেছে জজ আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা মঙ্গলবার ফখরুলের জামিন আবেদন শুনে তা নাকচ করে দেন।
বিএনপি জোটের আন্দোলনের মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ পল্টন থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা হয়।
ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন মেজবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই তিন মামলায় গত ২০ মে ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য মোট ৩০ দিনের (প্রতিটিতে ১০ দিন করে) রিমান্ড চেয়েছিল পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিমের সেই আবেদনও নাকচ করেছিলেন।
মঙ্গলবার জামিন আবেদনের শুনানিতে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়নি।
গত ৫ জানুয়ারি পল্টন থানায় দায়ের করা মামলার এজহারে ফখরুল এবং বিএনপির ২৮ নেতা-কর্মী বিরুদ্ধে গুলিস্থানের বঙ্গবন্ধু হর্কাস মার্কেটের সামনে বাস পোড়ানোর অভিযোগ আনা হয়েছে।
অন্য মামলায় একই দিন ফকিরাপুল এলাকায় পুলিশের একটি মোটর সাইকেলে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে ফখরুলসহ ৫০ জনের বিরুদ্ধে।
তৃতীয় মামলার এজাহারে বলা হয়, ৬ জানুয়ারি পুরানা পল্টনে বিআরটিসির বাসে আগুন দিয়ে ক্ষতি সাধন করেন আসামিরা। এ মামলার আসামি ফখরুলসহ ৩৪ জন আসামি।
