সাগরে ট্রলার থেকে বিপুল ইয়াবা উদ্ধার
সাগরে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ ইয়াবা বড়িসহ একটি ট্রলার আটক করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় কক্সবাজারে কলাতলী সৈকত থেকে ৫ কিলোমিটার গভীরে সাগরে ওই ট্রলারটি আটক করা হয় বলে র্যাব-৭ এর ক্যাম্পের সহ-অধিনায়ক এএসপি দেলোয়ার হোসেন জানিয়েছেন।
ইয়াবা এবং ট্রলারটির পাঁচ জন মাঝি-মাল্লাকে আটক করে নিয়ে এসেছে র্যাব।
র্যাব কর্মকর্তা দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছ ধরার ট্রলার ও স্পিডবোট নিয়ে সাগরে অভিযান চালিয়ে এফবি রেখা নামে ট্রলারটি আটক করে।
“ট্রলারে স্কুল শিক্ষার্থীদের পাঁচটি ব্যাগভর্তি ইয়াবা পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।”
ট্রলারটি জব্দ করে পাঁচ জন মাঝি-মাল্লাকে আটক করে রাত সাড়ে ৯টার দিকে এটি কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বাঁকখালী নদীতে বিআইডব্লিউটিসির ল্যান্ডিং স্টেশনে আনা হয়।
দেলোয়ার বলেন, “উদ্ধার করা হয়েছে সাড়ে ৪ লাখ ইয়াবা। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।”
