সাংবাদিক সিরাজুর রহমানের মৃত্যু
বিবিসি বাংলা বিভাগের সাবেক উপ-প্রধান সিরাজুর রহমান লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ১১টার দিকে লন্ডনের রয়্যাল ফ্রি হসপিটালে ৮১ বছর বয়সী এই সাংবাদিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন।
সিরাজুর রহমান ১৯৬০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে যোগদান করেন এবং ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে বিবিসি বাংলা বিভাগ থেকে অবসরে যান।
সিরাজুর রহমানের জন্ম ১৯৩৪ সালে নোয়াখালী জেলায়। কলকাতায় পড়াশোনা শেষে দৈনিক আজাদ, দৈনিক নবযুগ এবং সাপ্তাহিক মিল্লাতে কাজের মধ্য দিয়ে তার সাংবাদিক জীবনের শুরু।
১৯৯৪ সালে বিবিসি থেকে অবসর নেওয়ার পর স্ত্রীকে নিয়ে লন্ডনেই বসবাস করছিলেন সিরাজুর রহমান। তার এক ছেলে ও এক মেয়ে আগেই মারা যান।
