কক্সবাজারে ৩ ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে তিন ‘মানবপাচারকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার টেকনাফের হ্নীলা ইউনিয়ন থেকে দুজন এবং মহেশখালীর তাজিয়াকাটা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নুরুল কবির (৩৫), হ্নীলা বাজার পাড়ার আব্দুল কাদেরের ছেলে খলিল আহমদ (৫৫) এবং মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার মৃত জেবর মুল্লুকের ছেলে আব্দুল আজিজ (৪৭)।
টেকনাফ থানা পুলিশের ওসি আতাউর রহমান খোন্দকার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘তালিকাভুক্ত মানবপাচারকারী’ নুরুল কবির ও খলিল আহমদ বাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেছে।
নুরুলের বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচারের অভিযোগে দুটি ও ইয়াবা পাচারের অভিযোগে দুটি মামলা রয়েছে। এছাড়া মিয়ানমারে জিম্মি রেখে পাচারের শিকার ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় ও দাবির অভিযোগ রয়েছে গ্রেপ্তার খলিলের বিরুদ্ধে।
মহেশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর তাজিয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মানবপাচারে অভিযোগে মহেশখালী থানায় একটি মামলা রয়েছে বলে জানান তিনি।
