চট্টগ্রামে জমির বিরোধে নিহত ১
চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় বিশ্বকলোনী সংলগ্ন ফারুক চৌধুরী মাঠে এই সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ সদস্যসহ আরও কয়েকজন।
নিহতের নাম মো. আব্দুল করিম (৩৪)। আহত পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান আকবর শাহ থানার এসআই।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
তিনি বলেন, ফারুক চৌধুরী মাঠ সংলগ্ন একটি জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল এবং বিষয়টি লিখিতভাবেও থানায় অভিযোগ করা হয়।
“সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর তাদের ওপরও হামলা চালায় এক পক্ষ। এতে এসআই মোস্তাফিজুর রহমান গুলিবিদ্ধ হন।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসআই মোস্তাফিজুর ও করিমকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক করিমকে মৃত ঘোষণা করেন।
নিহত করিমের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও এসআই মোস্তাফিজুর রহমানের ঘাড়ে গুলি লেগেছে বলে জানান এএসআই পংকজ।
পুলিশ কর্মকর্তা মনোজ বলেন, “নিহতের ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে চিকিৎসক আমাদের জানিয়েছে। বিষয়টি রহস্যজনক।”
সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।
