২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অপহৃত স্কুলছাত্র জয়পুরহাটে উদ্ধার

প্রেমের ফাঁদে ফেলে বগুড়ার কাহালু থেকে অপহরণের তিন দিন পর এক তুরণকে জয়পুরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় এ ঘটনায় জড়িত অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

সোমবার জয়পুরহাট সদরের সাগরপাড়া থেকে বিপুল হোসেনকে (১৬) উদ্ধার করা হয়।

বিপুল হোসেন বগুড়ার কাহালু উপজেলার পশ্চিম ভগুইল গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

গ্রেপ্তাররা হলেন জয়পুরহাট শহরের সাখিদারপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে কাওসার আলী (২৬), সাগরপাড়ার মৃত মকবুল হোসেনের দুই ছেলে টগর শেখ (২২) ও নয়ন শেখ (২০)।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, স্বপ্না নামের এক মেয়েকে দিয়ে প্রেমের ফাঁদ তৈরি করে কাহালু থেকে শুক্রবার সন্ধ্যায় বিপুলকে জয়পুরহাটে নিয়ে আসে অপহরণকারীরা।

পরে তারা বিপুলকে অপহরণ করে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে।

বিষয়টি তার পরিবার জয়পুরহাট সদর থানা পুলিশকে জানালে উদ্ধার অভিযান চালানো হয় বলে জানান পরিদর্শক সিরাজুল।