ভোটকেন্দ্রে বাধা: সাংবাদিকদের ডেকেছে কমিটি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ভোটের সময় সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা ও নাজেহালের শিকার সাংবাদিকদের বক্তব্য মঙ্গলবার শুনবে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির সদস্য ইসির উপ সচিব আবদুল অদুদ এ তথ্য জানিয়েছেন।
সোমবার ঢাকার ২৮ জন সাংবাদিককে তদন্ত কমিটির সামনে এ বিষয়ে বক্তব্য তুলে ধরতে শুনানিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়।
এ কর্মকর্তা জানান, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে টেলিভিশন, জাতীয় দৈনিক, অনলাইন ও ফটোসাংবাদিকদের ডাকা হচ্ছে।
সেগুন বাগিচাস্থ ঢাকায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (সার্বিক) এর কার্যালয়ে ২ জুন সকাল ১১টায় কমিটি তাদের বক্তব্য নেবে।
ভোটের পর দুটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদেরকে শুনানিতে আসতে চিঠি দেওয়া হয়। এর বাইরেও কোনো সাংবাদিক নাজেহাল বা বাধাগ্রস্ত হয়ে থাকলে তাদের স্বপক্ষে বক্তব্য তুলে ধরতে চাইলে স্বাগত জানানো হবে বলে জানান ইসি কর্মকর্তারা।
এক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য ইসির দেওয়া কার্ড ছিল কিনা, কোন ভোটকেন্দ্রে কোথায় (ভোটকক্ষ) ও কত সময় ছিলেন; বাধা দেওয়া হয়েছিল কিনা ও প্রমাণাদি কি; নাজেহাল হয়ে থাকলে এর জন্য দায়ী কে এবং এ বিষয়ে কোন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল কিনা- এ বিষয়গুলোর লিখিত জবাব দিতে হবে ভুক্তভোগী সাংবাদিকদের।
ইতোমধ্যে তিন দফায় প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ সদস্য এবং পর্যবেক্ষক, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী হাকিমদের শুনানি করেছে তদন্ত কমিটি।
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটিতে গত ২৮ এপ্রিল ভোটের দিন কিছু সাংবাদিক ভোটকেন্দ্রে প্রবেশ করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দলীয় কর্মী সমর্থকদের বাধার সম্মুখীন হয় এবং নাজেহালের ঘটনা ঘটে। নির্বাচন কমিশনও বিষয়টি স্বীকার করে।
পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়।
ঢাকায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) আহ্বায়ক করে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপস) ও ইসি সচিবালয়ের নির্বাচন সমন্বয় শাখার উপ সচিবের সমন্বয়ে একটি এবং চট্টগ্রামে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি এক মাসের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করবে।
