২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের বিশেষ গুরুত্ব দিতে কৌশল

প্রতিবন্ধীদের বিশেষ গুরুত্ব দিতে ও ঝুঁকিপূর্ণ যে কোন বয়সের মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে একটি কৌশলের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 05:54 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের’ খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “সরকারের যেসব খাতে ব্যাপক কর্মতৎপরতা বা সাফল্য আছে তার মধ্যে এটি অন্যতম। বর্তমানে সামাজিক নিরাপত্তা খাতে জিডিপির ২ দশমিক ৩ শতাংশ খরচ হয়।”

“গত এপ্রিল মাসে খসড়াটি মন্ত্রিসভায় এলে কিছু পর্যবেক্ষণ দিয়েছিল। মন্ত্রিসভার পর্যবেক্ষণের আলোকে ‘গাইডলাইন্স অফ সেন্ট্রাল মনিটরিং কমিটি অন সোশ্যাল সেফটিনেস প্রোগ্রামের’ আওতায় পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনোমিক বিভাগ সংশোধন করে নিয়ে এসেছে।”

কয়েকটি নির্দেশনা বাস্তবায়নের শর্তে খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে বলেজানান তিনি।

২৩টি মন্ত্রণালয় বা বিভাগ বর্তমানে এ ধরনের ১৪৫টি কর্মসূচি বাস্তবায়ন করছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এজন্য সমন্বয়ের জন্য কেন্দ্রীয় পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছিল। সে কারণে একটা স্ট্র্যাটেজি থাকা দরকার। এই কৌশলপত্রের আলোকে ভবিষৎ পরিকল্পনা করবে। এটি অনুমোদন করবে প্ল্যানিং কমিশন।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সামাজিক নিরাপত্তা নতুন বিষয় নয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে। কিন্তু বাংলাদেশের ১৬ কোটি জনগণ সবাইকে আনা তো সম্ভব নয়। ঝুঁকিপূর্ণ কোনো বয়সের মানুষ, দরিদ্র বা অতিদরিদ্র তারা যেন যেকোনো কর্মসূচির মধ্যে আসে এটি নিশ্চিত করা হবে, তারা যেন বাদ না যায়।”

“আর একটি বৈশিষ্ট হলো, এখানে প্রতিবন্ধীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হবে। যে কোন মন্ত্রণালয় যখন প্রোগ্রাম নেবে সেখানে প্রতিবন্ধীরা সাধারণের ঝুঁকিপূর্ণ মানুষের থেকে সব থেকে বেশি বরাদ্দ পাবে।”