২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ঘরে ঢুকে কুপিয়ে মালামাল লুট

রাজধানীর শান্তিনগরের চামেলীবাগের একটি বাসায় ঢুকে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 05:12 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

আহতরা গৃহবধূ সোমা রহমান ও তার স্বামীর মামাত ভাই বাবুল সরকারকে শান্তিনগরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ৩৪/ডি/ই চামেলীবাগের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ওই ঘটনার পর পালানোর সময় পুলিশ ও জনতা এক ডাকাতকে স্বর্ণালঙ্কারসহ ধরে ফেলে।

গৃহকর্তা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট জাহাঙ্গীর আলম ব্যবসায়িক কাজে চট্টগ্রামে অবস্থান করছেন।

তিনি চট্টগ্রাম থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার অফিসের পিয়ন এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জেনেছেন।

“আমার অফিসের পিয়ন রাকিব নক করলে দরজা খুলে দেওয়ার পর ২-৩ জন যুবককে নিয়ে সে ঘরে ঢুকে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় বলে শুনেছি।”

ওই সময় ঘরে জাহাঙ্গীরের স্ত্রী ও ভাই ছাড়াও ১২, ছয় ও তিন বছর বয়সী তিন সন্তান এবং বড় ছেলের গৃহশিক্ষিকা বাসায় ছিলেন বলে জানান তিনি।

জাহাঙ্গীর বলেন, বাসা থেকে ১৮ ভরি সোনা ও দেড় লাখ টাকা খোয়া গেছে।

পিয়ন রাকিব ১৫ দিন আগে তার অফিসে চাকরি নিয়েছিলেন বলে জানান তিনি।

পালানোর সময় পথচারীদের সহায়তা পুলিশ মালিবাগের হোসাফ টাওয়ারের সামনে থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কারসহ একজনকে আটক করে।

পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, “পালানোর সময় কাজল নামের একজনকে আটক করা হয়েছে। তার থেকে কিছু গহনা পাওয়া গেছে।”

এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।