সাংবাদিক সুপ্রীতি ধরকে হুমকি
নারী বিষয়ক অনলাইন পোর্টাল উইমেন চ্যাপ্টার সম্পাদক সুপ্রীতি ধরকে ফেইসবুক ও মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে।
গত দুদিন ধরে এই সাংবাদিকের মোবাইল ফোনে অর্ধশতাধিক নম্বর থেকে ফোন করে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই সঙ্গে ফেইসবুকেও নানা অশালীন মন্তব্য করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সুপ্রীতি ধর সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শিগগিরই থানায় সাধারণ ডায়েরি করতে যাচ্ছেন তিনি।
এই সাংবাদিক তার মানসিক চাপের কথা তুলে ধরে বলেন, “আমার পরিবারকেও দেখে নেবে বলেছে ওরা। তাদের আক্রমণের ভাষা ও হুমকিতে মনে হচ্ছে- বাকস্বাধীনতা আমাদের কোথায়? সমাজের নৈতিক অবক্ষয় আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে!”
সুপ্রীতি ধরের ফেইসবুক থেকে নেওয়া ছবি
শনিবার রাত থেকে দেশ-বিদেশের বিভিন্ন নম্বর থেকে অবিরত ফোন পাচ্ছেন জানিয়ে সুপ্রীতি বলেন, কেউ তাদের নাম বলেনি।
“ আমাকে ফোন করে বলেছে, আপনি ইসলামের বিরোধিতা করেন? হিজাব-বোরকার বিরোধিতা করে লেখা ছাপান? আর ছাপবেন না। মনে রাখবেন, এরপরও ছাপলে আপনি কিন্তু নেক্সট টার্গেট, এই কথাটা মাথায় রাইখেন। আশা করি, আপনি বুঝতে পারছেন, কী বলতে চাইছি। ”
ফেইসবুকে ‘নয়ন চ্যাটার্জি’ নামে একটা পেজ থেকে ৩০ মে রাত ১১ টায় সুপ্রীতি ধরকে নিয়ে একটা স্টাটাস দেওয়া হয়। এরপর থেকেই নানাভাবে হুমকি দেওয়া শুরু হয় বলে জানান সুপ্রীতি।
সুপ্রীতি জানান, নারী বিষয়ক নিউজ পোর্টাল চালাতে গিয়ে এ সংক্রান্ত সব ধরনের মতামত তাতে স্থান পায়। যারা কারো লেখার বিরোধিতা করে তাদেরও লেখা ছাপানো হয়।
তিনি বলেন, “হুমকিদাতা বলছে, এ দেশে হিজাব-বোরকার বিরোধিতা চলবে না; এসব লেখা বন্ধ করতে হবে। আমিও তাদের বলেছি-আপনারাও লিখেন, ভিন্নমত দেন; তাও ছাপানো হবে। কিন্তু তারা অনবরত হুমকি দিয়ে যাচ্ছে।”
