২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে গৃহবধূসহ দুইজন খুন, শিশু জখম

ময়মনসিংহে দুইটি পৃথক হামলায় গৃহবধূসহ দুই জন নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 03:47 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

জেলা শহরে সোমবার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন পরিবহন শ্রমিক বিশ্বজিৎ (৪০) এবং রোববার রাতে ত্রিশাল উপজেলায় প্রতিপক্ষের হামলায় খুন হন গৃহবধূ তাসলিমা (২০)।

ত্রিশালের ঘটনায় নিহত নারীর শিশু সন্তান জখম হয়েছে বলে জানায় পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম জানান, ভোরের দিকে বাসা থেকে বের হয়ে বিশ্বজিৎ পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজ মোড়ের বাস টার্মিনালে যাচ্ছিলেন।

পথে একদল ছিনতাইকারী গতিরোধ করে ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এদিকে রোববার রাতে ত্রিশালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন গৃহবধূ তাসলিমা।

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে নিজের বাড়িতে সন্তানকে নিয়ে একাই ছিলেন তাসলিমা। ওই সময় সন্ত্রাসীরা রড দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর জখম অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।

ওসি মনিরুজ্জামান আরও জানান, হামলার সময় তাসলিমার কোলে থাকা তার পাঁচ বছরের শিশু আশাও ‘গুরুতর’ জখম হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে বলে জানান তিনি।