২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

চট্টগ্রামের পাঁচলাইশে এক এইচএসসি পরীক্ষার্থী নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে পুলিশ জানিয়েছে।   

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 01:51 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

পরিবার বলছে, ‘গণিতের পরীক্ষা আশানুরূপ না হওয়ায়’ মিনহাজুর রহমান রাহী (১৮) নামের ওই ছাত্র গলায় ফাঁস দেন।

রাহীদের বাসা কাতালগঞ্জের শেখ বাহারুল্লাহ মসজিদের কাছে ইব্রাহিম গলি এলাকায়। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন তিনি।

রাহীর বাবা মো. শাহরিয়ার ফটিকছড়ি বিএমসি কলেজে গণিতেরই শিক্ষক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাহীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে ওই ছাত্রের বাসায় পুলিশ পাঠানো হয়েছে।    

রাহীর ফুফা আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার গণিত প্রথম পত্রের পরীক্ষা আশানুরূপ না হওয়ায় বাসায় আসার পর থেকেই তার মন খারাপ ছিল।

“পরীক্ষা দিয়ে বাসায় এসে রাহী বাবা-মাকে জানায়, সব প্রশ্নের উত্তর দিতে পারেনি, হয়ত জিপিএ-৫ পাবে না। এ নিয়ে কান্নাকাটিও করে।”

হালিম বলেন, রাহীর ছোট দুই বোন দুটি সরকারি স্কুল পড়ে। সকালে তাদের বাবা কলেজে চলে যান। মা দুই মেয়েকে নিয়ে যান স্কুলে।

পরে মা বাসায় ফিরে ঘরে ফ্যানের সঙ্গে রাহীর ঝুলন্ত লাশ পান।