২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রী সাওদা হত্যায় ছাত্রের ফাঁসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা হত্যা মামলায় এক ছাত্রকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 01:11 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া ২০১৩ সালের সেপ্টেম্বরে এ হত্যাকাণ্ডের সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি বরগুনার পাথরঘাটার হারুন মিয়ার ছেলে।

বরিশাল জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক সোমবার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।

রায় ঘোষণার সময় রাসেল আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন কাবুল।

নিহত সাওদা (২২) বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে ছিলেন। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার আব্দুল রাজ্জাকের মেয়ে।

মামলার এজাহারে বলা হয়, ‘প্রেমের সম্পর্ক রাখতে রাজি না হওয়ায়’ ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর কথা-কাটাকাটির এক পর্যায়ে সাওদাকে কুপিয়ে হত্যা করে রাসেল।

আদালতের নথি থেকে জানা যায়, ওইদিন সকাল আনুমানিক ৯টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে যাওয়ার সময় সাওদার সঙ্গে রাসেলের তর্ক হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাওদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ওই ছাত্র।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ওইদিনই বিকালে ঢাকায় মারা যান সাওদা।

এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতে সাওদার মা সাহিদা বেগম বরিশাল কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে রাসেল মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২/৩ জনকে আসামি করা হয়।

ঘটনার পর রাসেল পালিয়ে গেলেও এক সপ্তাহ পর ১২ সেপ্টেম্বর চট্টগ্রামের বন্দর থানার কলসিদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাসেলের ছাত্রত্ব বাতিল করে।

এরপর ২০১৪ সালের ৩০ এপ্রিল রাসেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক সাখাওয়াত হোসেন।

মোট ১৯ জনের সাক্ষ্য শুনে বিচারক আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।