চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-মাদকসহ ভ্যানচালক গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রিকশা ভ্যান থেকে পিস্তল, গুলি ও ফেন্সিডিলসহ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে হঠাৎপাড়া এলাকায় শিবগঞ্জ-চৌডালা সড়ক থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান।
গ্রেপ্তার আব্দুর রশিদের (৫০) বাড়ি উপজেলার বাবুপুর গ্রামে।
পুলিশ কর্মকর্তা ময়নুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার রশিদ তার ভ্যান নিয়ে শিবগঞ্জ থেকে গোমস্তাপুর উপজেলায় যাচ্ছিলেন।
“পথে তাকে থামিয়ে তার ভ্যানে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, সাতটি গুলি, দুটি ম্যাগাজিন ও ৫০৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।”
রশিদ দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক বিক্রি করে আসছিলেন বলে জানান ওসি।
