মজুরি কমিশন গঠনের দাবি পাটকল শ্রমিকদের
সরকার ঘোষিত কর্মকর্তা ও কর্মচারীদের পে-কমিশনের মতো রাষ্ট্রায়ত্ত সব শিল্প শ্রমিকদের জন্য জাতীয় মজুরি কমিশন গঠনসহ ১১ দফা দাবি জানিয়েছে পাটকল শ্রমিকরা।
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক কর্মচারী সিবিএ, নন-সিবিএ সমম্বয় পরিষদ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।
সংঠনের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আগামী ৭ জুন দাবি বাস্তবায়ন না হলে ৮ জুন প্রত্যেক মিল গেইটে সভা, ৯ ও ১০ জুন বিক্ষোভ মিছিল, ১২ জুন চট্টগ্রামের শ্রমিক সমাবেশ করা হবে।
পাট কিনতে মিলগুলোকে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “বর্তমানে পাট মৌসুমে অর্থের অভাবে সংস্থার অধীনের মিলগুলোর পাট ক্রয় করা সম্ভব হয়নি। পাটের অভাবে লক্ষ্যমাত্রা উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এ অবস্থায় বাজেট অনুযায়ী আগামী পাট মৌসুমের যথা সময়ে পাটক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে।”
এছাড়া বর্তমানে বিজেএমসি কর্তৃক তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিতে গিয়ে কালক্ষেপণ হয় অভিযোগ করে আগের মতো মিল কর্তৃপক্ষের হাতে এই ক্ষমতা দেওয়ার দাবি জানান মোহাম্মদ আলী।
