গাজীপুরে কারখানায় আগুন এখনও জ্বলছে
গাজীপুরের শ্রীপুরে ডিগনিটি টেক্সটাইল মিলসে লাগা আগুন ছয় ঘণ্টায়ও নেভানো যায়নি।
স্টিলের তৈরি ওই ভবনটি আগুনে গরম হয়ে যাওয়ায় এবং পানি পৌঁছানো সম্ভব না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে তার কথা হয়। বেতজুরী এলাকায় ওই পোশাক কারখানায় দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে।
আক্তারুজ্জামান লিটন বলেন, “সাত তলা ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। কিন্তু আমরা উপরে উঠতে পারছি না।”
ঢাকা, জয়দেবপুর, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা ফায়ার স্টেশনের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুন্নাহার বলেন, আগুন এখনও জ্বলছে। তৈরি পোশাকসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি অগ্নি নির্বাপক বাহিনী।
জয়দেবপুর ফায়ার স্টেশন অফিসার হাসিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, দুপুরে খাবারের বিরতির সময় কারখানায় আগুনের সূত্রপাত হয়। এসময় খাবারের বিরতি থাকায় প্রায় সব শ্রমিক ও কর্মকর্তারা কারখানা ভবনের বাইরে ছিলেন।
এ কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে। কারখানায় বিভিন্ন ধাপে সুতা থেকে ‘টি শার্ট’ তৈরি করা হয়।
হাসিবুল বলেন, দুপুর সোয়া ২টার দিকে স্টিলের কাঠামোর উপর নির্মিত বিশাল আকৃতির সাত তলা কারখানা ভবনের তৃতীয় তলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভবনের পঞ্চম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
কারখানা ভবনে পর্যাপ্ত দরজা-জানালা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে পানি সরবরাহ করতে পারছেন না বলে জানান তিনি।
“ইতোমধ্যে আগুনের উত্তাপে ভবনের স্টিলের ফ্রেম দুর্বল হয়ে পড়েছে। শিগগরিই আগুন নিয়ন্ত্রণে না এলে যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে,” শঙ্কা প্রকাশ করেন এই দমকল কর্মকর্তা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান সেখানে রয়েছেন।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমান এবং শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে রয়েছেন।
পাঁচ সদস্যের তদন্ত কমিটি
আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। যাদের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জানান, সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- শ্রীপুর থানার এসআই মো. জাহিদুল ইসলাম, গাজীপুর ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা, বিজিএমইএর একজন প্রতিনিধি ও কল-কারখানা পরিদর্শক।
