২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে দেখে উদ্বুদ্ধ হই: কৈলাস

খুব অল্প সময়ে বাংলাদেশের অগ্রগতি যে কোনো মানুষকে অবাক করে দেওয়ার মতো বলে মনে করেন শান্তিতে নোবেল জয়ী ভারতীয় কৈলাস সত্যার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 08:42 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

তিনি বলছেন, একটি দেশের এগিয়ে যাওয়ার গল্প অন্যদের উৎসাহ জোগাবে, উদ্বুদ্ধ হন তিনি নিজেই। 

শিক্ষার অধিকার নিয়ে রোববার ঢাকায় এক অনুষ্ঠানে কথা বলছিলেন ২০১৪ সালে নোবেল জয়ী ৬০ বছর বয়সী কৈলাস, যিনি গত দুই দশকেরও বেশি সময় ভারতে শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। 

তিনি বলেন, “যখনই বাংলাদেশে আসি, এ দেশের সামাজিক অগ্রগতি দেখে উদ্বুদ্ধ হই, কীভাবে এ দেশের তরুণরা এগিয়ে যাচ্ছে, কীভাবে নারীরা তাদের অধিকার ও ন্যায় বিচার নিয়ে কথা বলায় আরও অধিক সচেতন, সক্রিয়, প্রাণবন্ত হচ্ছে।”

গণসাক্ষরতা অভিযান ও পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ন্যাশনাল কনফারেন্স অন রাইট টু অ্যাডুকেশন’ শিরোনামে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ; কথা বলেছেন ড. কাজী খলীকুজ্জামানও।

ভারতে বাধ্যতামূলক শিক্ষার অধিকার অর্জনে নিজেদের সংগ্রামের কথা উল্লেখ করে কৈলাস সত্যার্থী বলেন, আইনগত কাঠামোয় ভারতে বর্তমানে আট বছর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। ভারত এটা ১০ বছর করতে যাচ্ছে।

বাল্য বিয়েকে মেয়েদের শিক্ষায় বাধা হিসাবে উল্লেখ করে এই সময়সীমা না কমানোর পক্ষে মত দেন তিনি।

তিনি বলেন, “এরা আমাদের কন্যা, এমনকি যদি তারা দরিদ্র পরিবারেও জন্মগ্রহণ করে থাকে। এমনকি যদি তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত পরিবারেও জন্ম নেয়। ১৪, ১৫, ১৬ বছর বয়সে বিয়ে হওয়ার ভাগ্য নিয়ে তারা জন্মায়নি।

“বিয়ের এই সীমা ইতোমধ্যে ১৮ বছর আছে, আমার মতে তা কোনভাবেই কমানো উচিত নয়।”

“গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বেশ কিছু সময় অনানুষ্ঠানিক আলাপ হয়েছে। তিনি বঙ্গবন্ধুর কন্যা, যিনি বাংলাদেশকে পৃথিবীর সেরা একটি দেশ করতে চেয়েছেন। ভিশন-২০২১ এর মাধ্যমে শেখ হাসিনা সেই প্রচেষ্টাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন।”

“আমি নিশ্চিত তিনি সামাজিক ইস্যুতে অত্যন্ত সেনসেটিভ। তিনি এটা (বিয়ের বয়স কমানো) হতে দেবেন না।”

Image
ছবি: নয়ন কুমার

ছবি: নয়ন কুমার

কৈলাস বলেন, শিক্ষাখাত নিজেই বেশকিছু মারাত্মক ঝুঁকি ও সমস্যায় রয়েছে। একটি হচ্ছে খুবই শারীরিক। পাকিস্তানে স্কুল আক্রান্ত হওয়া; সিরিয়া, ইরাক ও নাইজেরিয়ায় মেয়েদের অপহৃত হওয়া এর মধ্যে রয়েছে।

“উগ্রবাদীরা শিক্ষার ক্ষমতা সম্পর্কে বুঝে গেছে যে, শিশুদেরকে যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে তাদের মনোজগত খুলে যাবে। তাতে উগ্রবাদীদের ভয়ানক পরিকল্পনা সফল হতে পারবে না।”

“আমরা যারা শিক্ষার ক্ষমতা নিয়ে কথা বলি, আমরাও শিশুদের এই ইস্যুতে ব্যর্থ হচ্ছি। স্কুলে বোমার বিরুদ্ধে আমাদেরকে দ্রুত প্রতিক্রিয়া দেখানো উচিত।”

“অর্থায়ন অপর সমস্যা। কিছু দেশ শিক্ষাখাতে তাদের বরাদ্দ কমিয়ে দিচ্ছে। বিশ্বের মানবিক সহায়তার একভাগ শিক্ষায় ব্যয় হয়, সেটাও কমছে।”

“সুতরাং অর্থায়ন ঝুঁকির মধ্যে রয়েছে। শিক্ষার অতিরিক্ত ব্যয় মেটাতে আমাদের বছরে ২২ বিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু আমরা তা জোগান দিতে ব্যর্থ হচ্ছি। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। কয়েক বছর আগে এটা ছিল ১১ বিলিয়ন ডলার।”

ইকোলজিক্যাল চ্যালেঞ্জ ও ক্রমবর্ধমান অসাম্যকে অপর দুই চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাকে এই সব চ্যালেঞ্জের জবাব দিতে হবে।

“বিচ্ছিন্নভাবে আমরা নিরক্ষতার সমস্যার সধামান করতে পারবো না। এটা বিশ্বজনীন দায়িত্ব। সবাইকে পরস্পরের প্রতি দায়িত্ব অনুভব করতে হবে।”

শিক্ষাক্ষেত্রে সফলতা অর্জনে পাঁচটি ‘ই’ উপর গুরুত্ব দিতে বলেন এই নোবেল বিজয়ী। এগুলো হচ্ছে এমপ্লয়মেন্ট, এন্টারপ্রেনারশিপ, এক্সিলেন্স ও ইক্যুইটি।