২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির সিনেট সভা অনুষ্ঠানে বাধা কাটল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনে সিনেটের সপ্তম বিশেষ সভা অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা নেই। 

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 03:28 PM

Updated : 25 Apr 2022, 01:25 PM

রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের করা এ বিষয়ে একটি রিট খারিজ করে দেন।

আদালতে তিন শিক্ষকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী তৌহিদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার কামাল উল আলম।

ব্যারিস্টার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত রুল খারিজ দেওয়ায় সিনেটের বিশেষ সভা ও উপাচার্য প্যানেল নির্বাচন করতে আর কোনো আইনগত বাধা নেই।

গত ২১ মে হাই কোর্টের একই বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের করা রিট আবেদনের শুনানির পর সিনেটের সভা সাময়িকভাবে স্থগিত করেছিল। শনিবার ওই সভা হওয়ার কথা ছিল।

আবেদনকারী শিক্ষকরা হলেন- সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ ও সংস্কৃত বিভাগের প্রভাষক লিটন মিত্র।

রিট আবেদনে বলা হয়, উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করা হয়নি।

সিনেটে উপাচার‌্য প্যানেল নির্বাচনে শিক্ষক প্রতিনিধি, রেজিস্টার্ড গ্রাজুয়েট ও ছাত্র প্রতিনিধিদের ভোট দেওয়ার বিধান থাকলেও পরে দুই ক্যাটাগরির কোনো প্রতিনিধি নেই।

রেজিস্টার্ড গ্রাজুয়েট ও চাকসু নির্বাচন না হওয়ায় রিটটি করা হয় বলে জানায় আবেদনকারীপক্ষ।