দেশকে এগিয়ে নিতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত: হাসিনা
নাগরিক সংবর্ধনায় উপস্থিত হয়ে যে কোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের পথ তৈরি হওয়াসহ নানা অর্জনের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সংবর্ধনায় শেখ হাসিনা বলেন, “কী অর্জন করেছি- সেটা বড় কথা নয়। এখানেই শেষ না। এখনো অনেক পথ চলতে হবে। অনেক দূর যেতে হবে। বাংলাদেশকে উন্নয়নের উচ্চশিখরে নিয়ে যেতে হবে।
“আমি মৃত্যুভয় করি না। একদিন জন্মেছি যখন, মরতে হবে। হারাবার আমার কিছু নেই।”
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে বঙ্গবন্ধুকন্যা বলেন, “জাতির পিতা সবসময় এই কবিতাটি বলতেন-উদয়ের পথে শুনি কার বাণী/ভয় নাই, ওরে তার ভয় নাই/নিঃশেষে প্রাণ যে করিবে দান/ক্ষয় নাই, তার ক্ষয় নাই।”
বক্তব্যের শুরুতেই তাকে সংবর্ধনা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “যতোটুকু আর্থ-সামাজিক উন্নতি আমরা করতে পেরেছি তার সবই বাংলার মানুষের দান।
“এই সম্মাননা আমার প্রাপ্য না, এটা বাংলার মানুষের, বাংলার জনগণের প্রাপ্য। তাই এর সবটুকু আমি বাংলার জনগণকে উৎসর্গ করে দিতে চাই।”
১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর তার ছয় বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার কথা স্মরণ করে বাষ্পরুদ্ধ কণ্ঠে শেখ হাসিনা বলেন, “আমি ফিরে পাইনি, আমার বাবা-মা, ভাই, ছোট রাসেলকে। কিন্তু আমি বাংলার জনগণের মাঝে আমার বাবা-মার ভালোবাসা খুঁজে পেয়েছিলাম।”
সম্প্রতি ভারতীয় পার্লামেন্টে ‘সীমান্ত বিল’ পাশে দীর্ঘকাল ঝুলে থাকা সীমান্ত চুক্তি কার্যকরের বাধা কাটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় জাতীয় নাগরিক কমিটি।
মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী সংসদের সদস্য, ঢাকার দুই মেয়র, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি শফিকুর রহমান, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী নেতা, আইনজীবী, পেশাজীবীসহ ঢাকা এবং আশপাশের জেলাগুলোর আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক কমিটির সভাপতি সৈয়দ শামসুল হক সভাপতির বক্তব্যে শেখ হাসিনাকে এখন থেকে আনুষ্ঠানিক ভাবে ‘দেশরত্ন’ বলার আহ্বান জানান।
এসময় উপস্থিত সবাই হাততালি দিয়ে এই লেখকের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সৈয়দ শামসুল হক বলেন, “আজ থেকে তার নামের আগে আনুষ্ঠানিকভাবে দেশরত্ন ব্যবহার করতে চাই। দেশরত্ন শেখ হাসিনা।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক বিকাল ৪টায় অনুষ্ঠানস্থলে গিয়ে পৌঁছালে সৈয়দ শামসুল হক তাকে স্বাগত জানান। তবে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাদ্য বাজিয়ে মিছিল নিয়ে নেতাকর্মীরা সংবর্ধনাস্থলে আসতে থাকেন দুপুর থেকেই।
জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থগুলো থেকে পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর সৈয়দ শামসুল হক সূচনা বক্তব্য দেন।
সূচনা বক্তব্যের পর সৈয়দ শামসুল হকের রচিত ‘মর্ম সংগীত’ এবং নৃত্য পরিবেশিত হয়। নৃত্যাঞ্চলের সদস্যরা দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।
অধ্যাপক আনিসুজ্জামান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্দেশে অভিজ্ঞানপত্র পাঠ করেন। এর আগে শেখ হাসিনার হাতে নৌকার প্রতিকৃতির স্মারক তুলে দেন নাগরিক কমিটির সভাপতি সৈয়দ শামসুল হক। আর অভিজ্ঞানপত্র পাঠের পর কাঠের উপর শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত একটি স্মারক আওয়ামী লীগ সভানেত্রীর হাতে তুলে দেন আনিসুজ্জামান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শিক্ষাবিদ অনুপম সেন, অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার কথা তুলে ধরেন।
তাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলতে থাকে সংগীত পরিবেশনা। মিতা হক ও মহিউজ্জামান চৌধুরী গেয়ে শোনান রবীন্দ্রনাথ ঠাকুরের গান “আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী! ”
সমবেত কণ্ঠে নজরুল গীতি গেয়ে শোনান শিল্পীরা।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “স্বাধীনতার পর অনেকে বিদ্রুপ করে বলতো, বাংলাদেশ বটমলেস বাস্কেট। বাংলাদেশ বটমলেস বাস্কেট নয়। আমি উত্তর দিতে চাই, আমাদের বাস্কেট উন্নয়নে ভরপুর।”
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “নিজের জীবনের কোনো চাওয়া-পাওয়া নেই। ’৭৫ এর পর থেকে সব কিছুই ত্যাগ করেছি। একটাই লক্ষ্য- এই বাংলাদেশ আমাদের গর্বের দেশ, মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশ, এই মানুষকে একটা উন্নত জীবন দিতে হবে, তাদের জীবনকে অর্থবহ করতে হবে। দেশের মানুষের উন্নয়নই আমাদের লক্ষ্য।”
তিনি বলেন, “শুধু স্থলসীমা চুক্তি না, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলকে আরো উন্নত করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
ক্ষুধামুক্ত ও উন্নত জাতি হিসাবে স্বাধীনতার সূবর্ণজয়ন্তি পালনের আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
“মহৎ অর্জনের জন্য মহৎ ত্যাগ চাই। যে কোনো অর্জনের জন্য ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে,” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন তার কন্যা।
শেখ হাসিনা বলেন, “যে কোনো ত্যাগের বিনিময়ে স্বাধীনতার মর্যাদা রক্ষা করব। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন।”
যুদ্ধাপরাধীদের বিচারের কাজ সম্পন্ন করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে সবার দোয়া চান তিনি।
তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশের যে অর্জন হয়েছে তা দেশের মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দেওয়ায় হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
২০০৯ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের কথা স্মরণ করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য রূপকল্প ঘোষণা করেছি। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে যে অগ্রযাত্রার সূচনা করেছিলাম, তা ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে ভুলুণ্ঠিত হয়ে যায়।
“বাংলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে ২০০৯ সালের নির্বাচনে ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিয়েছে। সেই সুযোগ দিয়েছে বলেই আমরা মানুষের সেবা করতে পেরেছি।”
