১২ দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি
বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আলআমীন শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “আমাদের দাবি না মানলে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১০ জুন কাল ব্যজ ধারণ, ১১ থেকে ১৫ জুন এক ঘণ্টা করে কর্মবিরতি এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা টাঙানো হবে।”
এই শিক্ষক নেতা বলেন, ‘মানুষ গড়ার কারিগর’ বলা হলেও প্রাথমিক শিক্ষকদের বেতন দেওয়া হয় একজন গাড়ি চালকের চেয়ে কম। অন্যদিকে প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতনের ব্যবধান ‘অনেক বেশি’।
প্রধান শিক্ষকের বেতন স্কেল আট হাজার টাকা ও সহকারী শিক্ষকদের ছয় হাজার চারশ টাকা করার দাবি জানান তিনি।
দাবি পূরণ না হলে পরে সংবাদ সম্মেলন করে মহাসমাবেশসহ নতুন কর্মসূচি ঘোষনা করা হবে হুঁশিয়ার করেন শাহিনুর আলআমীন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসরিন সুলতানা, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাজাহান আলম সাজুসহ বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতারা এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
