চার সাংবাদিক পেলেন ‘তামাক নিয়ন্ত্রণ পুরস্কার’
বিশ্ব তামাকমুক্ত দিবস সামনে রেখে চার সাংবাদিককে ‘তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার’ দিয়েছে প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) ও এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) নামের দুটি সংগঠন।
রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ।
পুরস্কার বিজয়ীরা হলেন- দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার হামিদ-উজ-জামান মামুন, ডেইলি স্টারের লালমনিরহাট জেলা প্রতিনিধি এস দিলীপ রায়, সিলেটের দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দীক এবং এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট আশিকুর রহমান চৌধুরী।
প্রতিবছরের মতো এবারও ৩১মে ‘তামাকের অবৈধ বাণিজ্য বন্ধ কর’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন।
দৈনিক সকালের খবরের সম্পাদক মোজাম্মিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানসের সভাপতি ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য অধ্যাপক অরূপ রতন চৌধুরী। বক্তব্য রাখেন আত্মার আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আত্মার সহ-আহ্বায়ক নাদিরা কিরণ।
তিনি বলেন, “তামাকের কারণে সারা বিশ্বে বছরে প্রায় ৬০ লাখ মানুষ মারা যায়, যার ৬ লাখই পরোক্ষ ধূমপায়ী। অনতিবিলম্বে এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ঠেকাতে যথাযথ উদ্যোগ গ্রহণ না করা গেলে আগামী ২০৩০ সাল নাগাদ এই মৃত্যুর সংখ্যা বছরে ৮০ লাখ ছাড়িয়ে যাবে এবং এই মৃত্যুর ৮০ ভাগই হবে বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশগুলোতে।”
অরূপ রতন চৌধুরী বলেন, “অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশের তামাক নিয়ন্ত্রণ আইন এখন অনেক শক্তিশালী। আইনটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে তামাকের ব্যবহার অবশ্যই নিয়ন্ত্রণ করা যাবে এবং তামাকের অবৈধ বাণিজ্য নির্মূল করা সম্ভব হবে।”
অনুষ্ঠানে প্রজ্ঞার জুবায়ের বলেন, “তামাকের অবৈধ বাণিজ্যের ফলে একদিকে সরকার প্রতিবছর বিপুল অংকের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে অবৈধ এসব তামাকপণ্যের দাম কম হওয়ায় এর ব্যবহার বাড়ছে। সংঘবদ্ধ চোরাকারবার, মাদকপাচার ও মানবপাচারের মত ভয়াবহ ঘটনার ঝুঁকি সৃষ্টিতেও সহায়তা করে তামাকের এই অবৈধ বাণিজ্য।”
অনুষ্ঠানের শুরুতেই তামাকের ক্ষতিকর দিক নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র দেখানো হয়।
