ফরিদপুরে দুই নারীর লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গা উপজেলায় দুই নারীর লাশ উদ্ধার হয়েছে। এদের একজনকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
বুধবার সকালে ও মঙ্গলবার রাতে লাশ দুটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নগরকান্দা থানার ওসি আফছার উদ্দিন জানিয়েছেন, সকালে উপজেলার বাবুর কাইচাইল গ্রামে নিজ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহত সাগরী বেগম (১৯) ওই গ্রামের মহিউদ্দিনের মেয়ে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই তরুণীকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের মা শেফালী বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, মঙ্গলবার রাতে আলফাডাঙ্গার গোপালপুর গ্রামে সোনিয়া বেগম (২০) নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
আলফাডাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, রাত ১০টার দিকে শ্বশুরবাড়িতে নিজের ঘর থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।
