২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনাবাড়িতে ফের দুর্ঘটনা, নিহত ৩

সিরাজগঞ্জের কামারখন্দে ১৩ ঘণ্টার মাথায় আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে; রাস্তায় দাঁড় করিয়ে রাখা একটি বিকল ট্রাকের সঙ্গে সংঘর্ষে আরেক ট্রাকের তিন আরোহী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2015, 09:24 AM

Updated : 25 Apr 2022, 01:24 PM

রোববার ভোর সাড়ে ৪টার দিকে কোনাবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সেতুর পশ্চিমপাড় থানার এসআই আহসান হাবিব জানান। 

দুর্ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ায় একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি বগুড়ার দুপচাচিয়ার দুদু মিয়া (৪৮)।

দুর্ঘটনায় দুদুর ১০ বছর বয়সী ছেলেরও মৃত্যু হয়েছে। তবে তার এবং নিহত চালকের নাম জানা যায়নি।

আহতরা হলেন- দুদু মিয়ার বড় ছেলে রায়হান আলী (২৫) ও সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংরা এলাকার মো. গফুর।

এসআই হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সড়কে একটি বিকল ট্রাক থামিয়ে রাখা ছিল। ভোরের দিকে গ্যাস সিলিন্ডারবোঝাই দ্রুতগামী একটি ট্রাক এসে সজোরে বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

“এতে সিলিন্ডারের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং সামনে বসা দুই আরোহীসহ চালক ঘটনাস্থলেই মারা যান।”

ঢাকা থেকে পাবনার বেড়াগামী ওই ট্রাকের পেছনে দুদু মিয়ার বড় ছেলেসহ দুজন বসা ছিলেন। দুর্ঘটনায় তারা আহত হন।

কোনাবাড়িতে এই দুর্ঘটনাস্থলের কাছেই সীমান্তবাজার এলাকায় আগের দিন শনিবার বিকেলে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক ও দুটি বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০জন নিহত হন, আহত হন আরও অন্তত ৪৮ জন।

তার আগে শুক্রবার সকালের দিকে কোনাবাড়ির মফিজের মোড়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়।

পুরনো খবর:

সিরাজগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১০