দক্ষিণের পর উত্তরেও পরিবহন ধর্মঘট
পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে দক্ষিণাঞ্চলে চলমান ধর্মঘটের সঙ্গে সংহতি জানিয়ে রাজশাহী বিভাগেও পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সোমবার সকাল থেকে এই বিভাগের আট জেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ফেডারেশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বিকালে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দেন পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল।
“শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের আট জেলা থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ পথে বাস চলাচল বন্ধ থাকবে।”
ফোনে রাজশাহী, বগুড়া, পাবনা, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাই নবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলা শ্রমিক ফেডারেশনের নেতাদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শ্রমিক নেতা কামাল।
সোমবার রাতে ফরিদপুরের মধুখালীতে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি নৈশকোচে ডাকাতির পর যাত্রীদের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও তার এক সহকারীকে আটক করে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ ।
তবে পরিবহন মালিক ও শ্রমিকরা অভিযোগ করেছেন, ডাকাতির পর চালক বাস নিয়ে মধুখালী থানায় জিডি করতে গেলে পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।
এরপর আটক দুই পরিবহন শ্রমিকের নিঃশর্ত মুক্তি এবং ফরিদপুরের পুলিশ সুপার ও মধুখালীর ওসিকে প্রত্যাহারের দাবিতে খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নড়াইল ও ফরিদপুর থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ১৮টি রুটে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক আসে।
শনিবার দুপুরেও যশোরে সংবাদ সম্মেলন করে দাবি মানতে তিন দিনের আল্টিমেটাম দিয়ে দক্ষিণাঞ্চলের ধর্মঘট সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় খুলনা বিভাগের পরিবহন মালিক-শ্রমিকরা।
