২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা উপ-নির্বাচন: প্রচারণায় বাধার অভিযোগ

মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে প্রচারণায় প্রতিপক্ষের বাধা, হুমকি ও পুলিশের হয়রানির অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায়।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 04:14 PM

Updated : 22 Aug 2022, 12:19 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের বাটিকাডাঙ্গায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন রায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম আব্দুল ওয়াহহাবের পক্ষে ছাত্রলীগ তার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে।

তাকেসহ তার কর্মী-সমর্থকদের মাঠে কাজ করতে দিচ্ছে না। তারা তার প্রচারের গাড়ি ও মাইক ভাংচুর করছে।

পুলিশের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না, উল্টো পুলিশ তাকে ও তার কর্মী-সমর্থকদের হয়রানি করছে, মামলা দিয়ে জেল খাটানোর ভয় দেখাচ্ছে বলে দাবি করেন তিনি।

ক্ষমতাশীন দলের লোক ও পুলিশের কর্মকর্তারা তাকে ভবিষ্যৎ পরিণতির কথা বলে মোবাইলে হুমকি দিচ্ছে।

পুলিশ তার ‘লাইসেন্স করা বৈধ অস্ত্র’ জমা দেওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।

ইতিমধ্যে তার কয়েকজন কর্মীর নামে একাধিক মামলা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে তিনি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করে কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন।

আওয়া লীগের নেতা হয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন কি না প্রশ্নের উত্তরে তপন রায় বলেন, তিনি ২০১১ সালে জেলা আওয়ামী লীগের সকল পদ থেকে, এমনকি সাধারণ সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনে মাগুরা জেলা সদরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।