বান্দরবানে পরিবহন ধর্মঘট রোববার
গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বান্দরবানে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক সমিতি।
বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা বাস, ট্রাক, জিপ, মাইক্রো, অটোরিকশা ও মাহিন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভ্রত কান্তি দাশ ওরফে ঝন্টু বাবু ধর্মঘটের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার সকালে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতা প্রীতিভূষণ তঞ্চঙ্গ্যাকে সেনা বাহিনীর সদস্যরা গুলি করে এবং আটক করে। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধদের একটি দল সড়কে বাস ও জিপসহ বিভিন্ন ধরনের যানবাহনে ভাঙচুর চালায়।
এর প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে রোববার সকাল থেকে জেলা বাস, ট্রাক, জিপ, মাইক্রো, অটোরিকশা ও মাহিন্দ্র মালিক সমিতির ব্যানারে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ধর্মঘটে বান্দরবান থেকে রোয়াংছড়ি, বাঘমারা, রুমা, থানছি ও বাংগালহালিয়া- অভ্যন্তরীণ এই পাঁচটি পথে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
সম্মেলনে সংগঠনের নেতা আবদুল শুক্কুর, মো. ইলিয়াস, মো. নূরুল আলম ও সমল দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
