বরিশালে পোলট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাধবপাশা ইউনিয়নে এক মুরগী খামারীর লাশ উদ্ধার হয়েছে, যাকে পূর্ব বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত হারুন মোল্লা (৪৮) মাধবপাশা ইউনিয়নের মেঘিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
বুধবার রাত ২টার দিকে গ্রামের একটি মাঠে তার লাশ পাওয়া যায় বলে বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মতিয়ার রহমান জানান।
ঘটনাস্থল থেকে একটি গামছা ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ।
বিমানবন্দর থানার আওতাধীন উপজেলার ছয় মাইল বাজারে হারুন মোল্লার খামার রয়েছে। খামার ব্যবসার পাশাপাশি তিনি জমি কেনাবেচার সঙ্গেও জড়িত ছিলেন।
ওসি বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।”
স্বজনদের বরাত দিয়ে ওসি মতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ১১টার দিকে ছয় মাইল বাজার থেকে বাড়ির পথে রওয়ানা হন হারুন। কিন্তু তিনি আর বাসায় ফেরেননি। তার মোবাইল ফোনটিও পরে বন্ধ পাওয়া যায়।
পরিবারের লোকজন পরে তাকে খুঁজতে বেরিয়ে মধ্যরাতে বাড়ির কাছে মাঠের মধ্যে রক্তাক্ত লাশ পায়।
