মুন্সীগঞ্জের ১১ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রেস কাউন্সিলের চিঠি
মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের অভিযোগ পেয়ে স্থানীয় ১১ সাংবাদিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের স্থানীয় সংবাদদাতা ও ক্যামেরা ম্যানসহ ওই ১১ জনের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির অভিযোগ এনেছেন জেলা প্রশাসক।
এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে গত ১৭ মে জেলার পুলিশ সুপারকে একটি চিঠি দেয় বাংলাদেশ প্রেস কাউন্সিল, যা মুন্সীগঞ্জে পৌঁছায় গত মঙ্গলবার।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রেস কাউন্সিলের চিঠি পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্রেস কাউন্সিলের চিঠিতে বলা হয়, গত ২০ এপ্রিল মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় ওই সংবাদকর্মীরা আকস্মিকভাবে সেখানে ঢুকে পড়েন এবং বিশৃঙ্খলার সৃষ্টি করেন।
“তারা সরকারি গুরুত্বপূর্ণ কাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে প্রতিয়মান হয়, যা দণ্ডবিধির আওতায় একটি আমলযোগ্য অপরাধ বিধায় ঘটনা তদন্ত প্রয়োজন।”
স্থানীয় সাংবাদিকদের দাবি, তারা ভিডিও কনফারেন্সের খবর সংগ্রহ করতে গেলে সেদিন তাদের ‘বাধা’ দেওয়া হয়।
অন্যদিকে জেলা প্রশাসক সাইফুল হাসান বলছেন, সাংবাদিকদের পাশের কক্ষে বসতে বলা হলে তারা বিশৃঙ্খলা ঘটান।
এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে চিঠি দেন জেলা প্রশাসক। তবে এ ধরনের অভিযোগে কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার না থাকায় প্রেস কাউন্সিল অভিযোগ তদন্ত করে জেলা পুলিশকে ব্যবস্থা নিতে অনুরোধ করে।
এই ১১ জন হলেন- মামুনুর রশীদ (সমকাল), কাজী সাব্বির আহমেদ (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), শহীদ-ঈ-হাসান তুহিন (যায় যায় দিন/গাজী টিভি), মোজাম্মেল হোসেন সজল (মানবজমিন), মাহবুব বাবু (আমাদের সময়), শেখ মো. রতন (মাই টিভি), মাইনুদ্দিন সুমন (এনটিভি), মো. ফরিদুল হাসান (আরটিভি), জসিমউদ্দিন দেওয়ান (৭১ টেলিভিশন) এবং ক্যামেরাম্যান জাফর মিয়া ও আব্দুর রহমান।
এদের মধ্যে সমকাল ও বাংলানিউজ প্রতিবেদকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও পুলিশকে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে প্রেস কাউন্সিল।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) শ্যামল চন্দ্র কর্মকার স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি সংশ্লিষ্ট পত্রিকা ও টেলিভিশনের বার্তা প্রধানকেও পাঠানো হয়েছে।
আট পত্রিকার ডিক্লারেশন বাতিল
এদিকে ‘নিয়মিত প্রকাশ না করায়’ মুন্সীগঞ্জের আটটি পত্রিকার প্রকাশনার অনুমতি (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন।
পত্রিকাগুলো হল- দৈনিক দেশসেবা (সম্পাদক জাহাঙ্গীর হাবিবউল্লাহ), সাপ্তাহিক মুন্সীগঞ্জ (সম্পাদক এএফএমএ রহমান), সাপ্তাহিক মুন্সীগঞ্জ সংবাদ (সম্পাদক শহীদ-ই-হাসান তুহিন), সাপ্তাহিক বিক্রমপুর সংবাদ (সম্পাদক মুহাম্মদ আজিম হোসেন), সাপ্তাহিক কাগজের খবর (সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন), সাপ্তাহিক মুন্সীগঞ্জের বাণী (সম্পাদক মো. আব্দুল হাকিম), সাপ্তাহিক সত্যপ্রকাশ (সম্পাদক জসিমউদ্দিন দেওয়ান) এবং পাক্ষিক খোলা কাগজ (সম্পাদক-আব্দুল বাতেন)।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পত্রিকাগুলো ছাপাখানা আইন মানছিল না। পত্রিকা কর্তৃপক্ষকে এর আগে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। তাতে কাজ না হওয়ায় ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন) আইনে ডিক্লারেশন বাতিল করা হয়েছে।”
