২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচার: তদন্তের মান নিয়ে প্রশ্ন

যুদ্ধাপরাধের একটি মামলার রায়ে ট্রাইব্যুনালের তদন্তকারীর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর প্রতিধ্বনি করে বলেছেন, সাধারণ অপরাধের তদন্তের দৃষ্টিভঙ্গি নিয়ে মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা উচিৎ নয়।

মহিউদ্দিন ফারুক

ও কাজী শাহরিন হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 11:32 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় আপিল বিভাগে সাজা কমে যাওয়ার পরে অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা ছাড়াও তদন্তকারীদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মামলার শুনানির কার্যক্রমেও।

তবে তদন্তকারীরা বলছেন, রায়ের ভর্ৎসনাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তারা।

মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাইব্যুনাল ঠিকই বলেছে। পুলিশ সাধারণ আসামিদের ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি নিয়ে তদন্ত করে, এক্ষেত্রে সে দৃষ্টিভঙ্গি নিয়ে তদন্ত করলে হবে না।”

যুদ্ধাপরাধের যে অভিযোগে ১৯৭২ সালে চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর সাজা হয়েছিল ট্রাইব্যুনালের মামলায় নতুন করে সেই অভিযোগ যুক্ত করায় বুধবার রায়ে তদন্ত কর্মকর্তাকে ‘অযোগ্য’ বলে অভিহিত করে আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এই দুই যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনা তৃতীয় অভিযোগ ছিল নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং চার জনকে হত্যা, যে ঘটনায় ১৯৭২ সালের দালাল আইনে দুই আসামির যাবজ্জীবন সাজা হয়। ওই রায়ের পর আফসার ও মাহিদুর জেলও খাটেন।

আদালত পর্যবেক্ষণে বলে, তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জেড এম আলতাফুর রহমানকে নতুন করে ট্রাইব্যুনালের কোনো মামলার তদন্তভার দেওয়া ঠিক হবে না।

এর আগে দেলোয়ার হোসাইন সাঈদীর চূড়ান্ত রায়ে সাজা কমে যাওয়ার পর মাহবুবে আলম বলেছিলেন, একটি হত্যাকাণ্ডের বিষয়ে আসামিপক্ষ একটি এজাহারের সত্যায়িত অনুলিপি আদালতে জমা দেয়। এতে সাঈদীর নাম ছিল না। আসামিপক্ষের জোরালো বক্তব্য ছিল, ইব্রাহিম কুট্টিকে যদি সাঈদী মারতেন, তবে তার স্ত্রীর করা মামলায় অবশ্যই সাঈদীর নাম থাকত। তদন্ত সংস্থার পক্ষ থেকে এর বিরুদ্ধে এমন কোনো নথি সংগ্রহ করা হয়নি, যাতে প্রমাণ করা যায় ওই এজাহারটি এই মামলার জন্য বানিয়েছে আসামিপক্ষ।

“এছাড়া ওই মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত হয়েছে কি না, অভিযোগপত্র দেওয়া হয়েছে কি না বা বিচার হয়েছে কি না, হলে কতদূর হয়েছে, তার নথিপত্র খুঁজে বের করা প্রয়োজন ছিল। তা করা হয়নি।”

‘তদন্ত কর্মকর্তা অযোগ্য’

মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর মামলার রায়ের একটি অংশে মামলার তদন্ত কর্মকর্তার বিষয়ে বলা হয়, “দায়িত্বে পুরোপুরি অবহেলা করার জন্য এ মামলার তদন্ত কর্মকর্তাকে জবাবদিহি করা উচিৎ।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু মানবতাবিরোধী অপরাধ, গণহত্যার মতো অত্যন্ত স্পর্শকাতর মামলার বিচার হয়, সেহেতু ‘এমন তদন্তকারী কর্মকর্তাকে’ ভবিষ্যতে ট্রাইব্যুনালের কোনো মামলার তদন্তে রাখা উচিৎ হবে না বলেও রায়ে বলা হয়।

ট্রাইব্যুনাল বলেছে, “যার জন্য জাতি ৪১ বছর ধরে অপেক্ষা করে আছে, এমন একটি গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে এমন একজন অযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন পুলিশ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের তদন্তে নিয়োগ করার জন্য তদন্ত সংস্থাও দায় এড়াতে পারে না।”

রায়ের আরেকটি অংশে বলা হয়, দীর্ঘদিন ধরে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োজিত থাকায় তদন্ত কর্মকর্তার বোঝা উচিৎ ছিল যে, একজন ব্যক্তি একই অপরাধে দুইবার সাজা ভোগ করতে পারেন না।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান রায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “রায়ের পুরোটা না পড়ে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা যখন তদন্ত করি, তখন অনেক কাগজপত্রই আমরা ভালো অবস্থায় পাই না। এ বিষয়ে কাগজপত্রগুলো পাওয়া যায়নি কেন, তা খতিয়ে দেখা হবে।”

আদালতের পর্যবেক্ষণ নিয়ে তিনি বলেন, “যে কোন বিষয়ে পর্যবেক্ষণ দেওয়ার এখতিয়ার আছে আদালতের। রায়টি এখনো পড়িনি। রায়টি পর্যালোচনা করে প্রতিবেদন দিতে দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।

“তারা রিপোর্ট দিবে, এরপর প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”

তদন্তের প্রক্রিয়া বিষয়ে তিনি আরো বলেন, “মামলার একটা পর্যায়ে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন এক হয়ে যায়। একটি অভিযোগ বাতিল হওয়ায় মামলার কোনো ক্ষতি হয়নি, কেননা দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে।”

আদালতের এ পর্যবেক্ষণকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

“আদালতের এ পর্যবেক্ষণ আমাদের জন্য ভালো হলো। ভবিষ্যতে আরো সতর্ক হবো আমরা।”

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “তদন্তকারীর সঙ্গে প্রসিকিউশনের এক হয়ে কাজ করতে হবে। যদিও প্রথমদিকে এটি শুরু হয়েছিল, তৎকালীন মন্ত্রী এটি নিরুৎসাহিত করেছিলেন।”

পুরনো খবর:

‘অযোগ্য’ তদন্ত কর্মকর্তাকে ট্রাইব্যুনালের তিরস্কার
চাঁপাইনবাবগঞ্জের দুই রাজাকারের আমৃত্যু কারাদণ্ড
তদন্তে গাফিলতিতে সাঈদী পার?