২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডের ইটিপি কর্তৃপক্ষকে কোটি টাকা জরিমানা

তরল বর্জ্যে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগর দূষণের দায়ে সিইপিজেডের কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষকে এক কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 09:13 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) ঢাকায় শুনানি শেষে এ জরিমানা করেন বলে অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞিপ্তিতে জানানো হয়।

গত ৫ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগারের নির্গমন পয়েন্ট থেকে নমুনা সংগ্রহ করেছিলেন।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগারে পরীক্ষায় সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে তাতে গ্রহণযোগ্য মাত্রার বেশি বর্জ্যের প্রমাণ পাওয়া যায় বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ বিষয়ে বুধবার ঢাকায় অধিদপ্তরের সদর দপ্তরে শুনানিতে তরল বর্জ্যে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগর দূষিত করায় সিইপিটি’র ব্যবস্থাপনা পরিচালক হাসিবুল ইসলামকে এক কোটি টাকা জরিমানা করা হয়।”

সিইপিজেড এলাকার ৫৪টি কারখানার তরল বর্জ্য পরিশোধনের জন্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষ বেপজার চুক্তিবদ্ধ।

এ বিষয়ে বেপজার মহাব্যবস্থাপক (সিইপিজেড) আহসান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্গমন এলাকা থেকে আমাদের এনভায়রনমেন্ট কাউন্সিলের একটি দল নিয়মিত নমুনা সংগ্রহ করে।

“নমুনা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হয়। তবে তেমন দূষণ পাওয়া যায় না। মাসিক প্রতিবেদন অনুসারে আমরা ব্যবস্থা নিই। জরিমানার বিষয়টি আমি জানি না। আগামীকাল সকালে এ বিষয়ে আপনাকে জানাতে পারব।”

বুধবারের শুনানিতে চট্টগ্রামের হাবিলাস দ্বীপ এলাকায় টিকে কেমিকেল অ্যান্ড পেপার মিলকে তরল বর্জ্যে নদী দূষণের অভিযোগে নয় লাখ টাকা জরিমানা করা হয়।

শুনানিতে ঢাকার তিন প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।

এরমধ্যে ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডকে তরল বর্জ্য তুরাগ নদীতে ফেলে জলজ ও জীব বৈচিত্র্য ধ্বংসের অভিযোগে ৩৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া উত্তর বাড্ডার ক্রিস্টাল ওয়াশিং লিমিটেডকে ছাড়পত্র ও ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়া কারাখানা পরিচালনা করায় তিন লাখ টাকা এবং একই অপরাধে সৌরভ ডাইংকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।