চট্টগ্রামে পিসিপির অনুষ্ঠানে পুলিশি বাধা
অনুমতি না থাকার কারণ দেখিয়ে চট্টগ্রামে ইউপিডিএফসমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ।
বুধবার নগরীর জেএম সেন হলে এ অনুষ্ঠান করতে না পেরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি থুই ক্যাচিং মারমা বলেন, “২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশকে আমরা অবহিতকরণ পত্র দিয়েছি। পুলিশ সেটা গ্রহণও করেছিল।”
প্রতি বছর পুলিশকে এভাবে চিঠি দিয়ে অনুষ্ঠান করে আসছিলেন বলে দাবি করেন তিনি।
ক্যাচিং মারমা বলেন, “সকাল ৮টার দিকে তিন গাড়ি পুলিশ অনুষ্ঠানস্থলে এসে এ অনুমতি না থাকা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের কথা বলে অনুষ্ঠান আটকে দেয়।”
আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীদেরও জেএম সেন হলে পুলিশ দাঁড়াতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, “অনুমতি না নেওয়ায় তাদের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।”
সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার সময় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা বামপন্থি ছাত্রসংগঠন ও পাহাড়ি ছাত্র নেতা-কর্মীদেরও পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালায় বলে অভিযোগ এসেছে।
ছাত্র ফেডারেশনর চট্টগ্রাম মহানগর সভাপতি ফরহাদ জামান জনি, সাধারণ সম্পাদক মিন্টু বড়ুয়াসহ বেশ কয়েকজনকে ওই সময় টানা হেঁচড়া করলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
