২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ফুসকা বিক্রেতা খুন, যুবক গ্রেপ্তার

ঢাকার সাভারে এক ফুসকা বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 08:43 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ ঘটনায় নিহত শাহ আলম (৩৫) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রহমতপুরের আব্দুল হক সর্দারের ছেলে।

তিনি শ্রীপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার জিয়াউর রহমান (২৮) শ্রীপুরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে শ্রীপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফুসকা বিক্রি করছিলেন শাহ আলম।

তখন স্থানীয় ‘বখাটে’ জিয়াউর রহমান বাকিতে ফুসকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন।

পরে ক্ষুব্ধ হয়ে জিয়াউর কাঠের টুকরো দিয়ে শাহ আলমের মুখে, মাথায় এলোপাথাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বিকাল ৪টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।

ওসি মোস্তফা কামাল আরও জানান, এ হত্যার অভিযোগে এলাকাবাসীর সহায়তায় পুলিশ মুন্সিপাড়ার নিজ বাড়ি থেকে জিয়াউরকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।